শামীম ওসমান নির্দেশদাতা, আজমেরী হত্যাকারী: রফিউর রাব্বী

0
907
Print Friendly, PDF & Email

নারায়ণগঞ্জের নিহত ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর পিতা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেছেন, নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান ত্বকী হত্যার মূল নির্দেশদাতা। আর আজমেরী ওসমানের নেতৃত্বে অন্যরা ত্বকীকে হত্যা করেছে।

আজ সোমবার সন্ধ্যায় ত্বকী হত্যাকাণ্ডের ২৭ তম মাস পূরণ উপলক্ষে খুনি ও খুনের নির্দেশদাতাদের গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট চাষাঢ়ার শহীদ মিনার প্রাঙ্গণে মোম শিখা প্রজ্বালন কর্মসূচি পালন করে। সেখানে রফিউর রাব্বী এসব কথা বলেন।

রফিউর রাব্বি বলেন, ‘প্রধানমন্ত্রীকে মনে রাখতে হবে তিনি দেশের ১৬ কোটি মানুষের প্রধানমন্ত্রী, শুধু মাত্র ওসমান পরিবারের নন। ত্বকী হত্যার কলঙ্কের দায় থেকে মুক্ত হওয়ার জন্য প্রধানমন্ত্রীকেই হত্যাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিতে হবে। কেননা এই সরকারই শেষ সরকার নয়। পরবর্তী সরকার এসে যদি ত্বকী হত্যার বিচার সম্পন্ন করে তাহলে তা শেখ হাসিনার জন্য সুখকর হবে না।’
রফিউর রাব্বি আরও বলেন, ‘ত্বকী হত্যার তদন্তকারী সংস্থা র‌্যাব বলেছে, আজমেরী ওসমানের নির্দেশে তার টচার্র সেলে আজমেরীর নেতৃত্বে ১১ জন ত্বকীকে খুন করেছে। কিন্তু ত্বকী হত্যার মূল নির্দেশ দাতা শামীম ওসমান। হত্যাকাণ্ডের সঙ্গে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানও জড়িত।’

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সভাপতি প্রদীপ ঘোষ বাবুর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা খেলাঘরের সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, জেলা বাসদ সমন্বয়ক নিখিল দাস, জেলা গণসংহতি আন্দোলনের তরিকুল সুজন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মনি সুপান্থ প্রমুখ।

শেয়ার করুন