ইতালিয়ান কাপ জিতল নাপোলি

0
182
Print Friendly, PDF & Email

রোমের অলিম্পিক স্টেডিয়ামে ঢুকতে গিয়ে হয়রানির শিকার হতে হয়েছে—কোপা ইতালিয়ার ফাইনাল দেখতে এসে এমন অভিযোগই তুলেছিলেন নাপোলির সমর্থকেরা। সংঘর্ষে জড়িয়েছিলেন প্রতিপক্ষ ফিওরেন্টিনার সমর্থকদের সঙ্গেও। খেলা শুরু করতেও দেরি হয়েছিল ৪৫ মিনিট। তবে এত কাঠখড় পুড়িয়ে খেলা দেখতে বসে শেষ পর্যন্ত হতাশ হতে হয়নি নাপোলির সমর্থকদের। ম্যাচ শেষে বাড়ি ফিরতে পেরেছেন পঞ্চমবারের মতো ইতালিয়ান কাপ জয়ের উল্লাস করতে করতেই। লরেঞ্জো ইনসিনের জোড়া গোলে ফিওরেন্টিনাকে ৩-১ গোল হারিয়েছে নাপোলি।

এবারের মৌসুমের শুরুতে নাপোলি সমর্থকদের তোপের মুখেই পড়েছিল ইনসিনে। পুরো মৌসুমে করেছিলেন মাত্র পাঁচটি গোল। কিন্তু গতকাল দারুণ পারফরম্যান্স দেখিয়ে সবকিছুই ভুলিয়ে দিয়েছেন ইতালিয়ান এই উইঙ্গার। ইতালিয়ান কাপের ফাইনালে জোড়া গোল করে তিনিই হয়ে গেছেন নাপোলির নায়ক। প্রথমার্ধের ১৭ মিনিটের মধ্যেই দুইটি গোল করেছিলেন ইনসিনে। ২৮ মিনিটের মাথায় একটি গোল করে ফিওরেন্টিনাকে খেলায় ফেরানোর ইঙ্গিত দিয়েছিলেন হুয়ান ভারগাস। কিন্তু এরপর আর কোনো গোলের দেখা পায়নি ফিওরেন্টিনা। উল্টো খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে নাপোলির পক্ষে আরেকটি গোল করে বসেন বদলি হিসেবে নামা ড্রায়েস মার্টেনস।

ম্যাচ শেষে শিষ্যদের লড়াকু মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন নাপোলির কোচ রাফায়েল বেনিতেজ, ‘আমরা যে শিরোপা জিততে চাই, সেটাই দেখাতে পেরেছি আর মাঠেও ঠিক সেভাবেই খেলতে পেরেছি।’ তবে ফিওরেন্টিনার কোচ ভিনসেনজো মনতেল্লা হারের জন্য দায়ী করেছেন ম্যাচ শুরুর আগে ঘটে যাওয়া সাংঘর্ষিক ঘটনাকেই, ‘এটা এমন একটা ম্যাচ, যেটার শেষ অনেকভাবে হতে পারত। ফাইনালটা আমার উপভোগ করার কথা ছিল। কিন্তু ম্যাচ শুরুর আগে ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য সেটা পারিনি। আমার মনে হয় সবার ক্ষেত্রেই এমনটা হয়েছে।’
ফিওরেন্টিনা সর্বশেষ কোপা ইতালিয়ার শিরোপা জিতেছিল ২০০১ সালে।

শেয়ার করুন