‘মিথ্যা মামলা’ দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে ‘নির্বাসিত’ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান।
একই সঙ্গে দেশকে নেতৃত্বশূন্য করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া সেনা কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক মানববন্ধনে এসব অভিযোগ করেন তিনি।
প্রধান বলেন, ‘স্বাধীনতা ও গণতন্ত্র আজ গুম হতে চলেছে। দেশের মানুষ স্বাধীন নয়। আমরা যে আশা নিয়ে দেশ স্বাধীন করেছিলাম সে আশা ব্যর্থ হয়েছে।’
নারায়ণগঞ্জের সাত খুন প্রসঙ্গে তিনি বলেন, ‘একজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে একজন কর্নেলের চাকরি গেল। কিন্তু একজন মন্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। তাহলে তার মন্ত্রীত্ব থাকে কীভাবে।’
‘দেশকে সেনাশুন্য করা হয়েছে’ বলেও অভিযোগ করেন প্রধান।
তিনি বলেন, ‘বিভিন্ন রাজনীতিবিদদের নামে মিথ্যা মামলা দিয়ে দেশকে নেতৃত্বশূন্য করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে এবং তাকে রাজনীতি থেকে নির্বাসিত করার চেষ্ট করা হচ্ছে।’
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবীব, কৃষক দলের নেতা শাহজাহান হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন ঈশা।









