পাকিস্তানের বন্দরনগরী করাচিতে অভিযান চালিয়ে আল-কায়েদার আঞ্চলিক এক কমান্ডারকে গ্রেফতার করা হয়েছে। তার নাম কারী শাহীদ উসমান। বৃহস্পতিবার এক অভিযানে চালিয়ে এ কমান্ডারকে চার সহযোগীসহ গ্রেফতার করা হয়। অভিযানের সময় ১০ কেজি বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা আলী রাজা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক পুলিশ কর্মকর্তা জানান, উসমান ছিলেন করাচি শহরে আল-কায়েদার কমান্ডার। ওই কর্মকর্তা জানান, উসমান তার মূল প্রশিক্ষণ পেয়েছেন আফগানিস্তানে। করাচি শহর শাখাকে দক্ষিণ এশিয়া আল-কায়েদার কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। গত সেপ্টেম্বরে আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহেরি দক্ষিণ এশিয়া শাখা প্রতিষ্ঠা করেন। একই মাসে করাচি নৌঘাঁটিতে যে সন্ত্রাসী হামলা হয়েছিল পাকিস্তান সরকার সেজন্য উসমানকে দায়ী করেছিল। পাকিস্তান সামরিক বাহিনীর অব্যাহত অভিযান সত্ত্বেও আল-কায়েদা ও তালেবান সন্ত্রাসীগোষ্ঠী দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর বহুবার হামলা চালিয়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে তাদের প্রভাব ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে।









