তিন সপ্তাহের মধ্যে পদ্মা সেতুর কাজ শুরু: যোগাযোগমন্ত্রী

0
181
Print Friendly, PDF & Email

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু এক সময় স্বপ্নের সেতু ছিল। কিন্তু সেটা এখন দৃশ্যমান বাস্তবতা।

তিনি জানান, আগামী তিন সপ্তাহের মধ্যে পদ্মা সেতুর মূলকাজের অনুমোদন দেয়া হবে। চায়না মেজর ব্রিজ কোম্পানি কাজটি পেয়েছে।

সোমবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যুব-মহিলা লীগ আয়োজিত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, ক্রয় কমিটির অনুমোদনের পর চায়না-ভিত্তিক এই কোম্পানিকে ব্রিজের মূল নির্মাণকাজ দেয়া হয়। আগামী তিন বছরের মধ্যে নির্মাণকাজ শেষ হবে।

এ সময় যোগাযোগমন্ত্রী বলেন, যে সকল প্রতিষ্ঠান পদ্মা সেতুর কাজের জন্য আর্থিক প্রস্তাব দিতে চায় তারা আগামী জুনের মধ্যে আর্থিক প্রস্তাব দিতে পারবে।

তিনি বলেন, পদ্মা সেতু ছাড়াও আগামী জুলাইয়ের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ডিসেম্বরে ২২ হাজার কোটি টাকা ব্যয়ে মেট্রো রেলওয়ের কাজ শুরু হবে। এটি উত্তরা ২ নম্বর সেক্টর থেকে শুরু হবে।

যুব-মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, যুব-মাহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলসহ সংগঠনের মহানগর নেতৃবৃন্দ।

শেয়ার করুন