মাইলস্টোন ট্র্যাজেডি

0
480
Print Friendly, PDF & Email

ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিচ্ছেন তারেক রহমান

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ব্যাপারে নানা পদক্ষেপ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর অংশ হিসাবে শুক্রবার নিহতদের কবর জিয়ারত এবং তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন দলটির সিনিয়র নেতারা। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। একই সঙ্গে মর্মান্তিক এ দুর্ঘটনা নিয়ে অপরাজনীতি না করে হতাহত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান নেতারা।

বিমান দুর্ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশের পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিএনপি। এদিন বিকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকা সেনানিবাসে তৌকিরের পারিবারিক বাসভবনে সাক্ষাৎ করতে যায়। সাক্ষাৎকালে তাদের প্রতি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন বিএনপির মহাসচিব। এ সময় উপস্থিত ছিলেন নিহত তৌকিরের শ্বশুর ও স্ত্রী আকশা আহম্মেদ নিঝুমসহ পরিবারের সদস্যরা।

বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তাবিষয়ক টিমের চিফ কো-অর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম প্রমুখ।

সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত-গয়েশ্বর : এদিন নিহত নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে উত্তরার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নুসরাত ৩য় শ্রেণির শিক্ষার্থী ছিল। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরিবারকে সান্ত্বনা দেন তিনি। নুসরাত জাহান আনিকার বাবাকে পাশে রেখে গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, মাইলস্টোন নাকি একটা ভালো মানের স্কুল, তাহলে সেখানে কেন কোচিং বাধ্যতামূলক। কোচিংয়ের জন্য যারা অপেক্ষা করছিল, তারাই মারা গেছে। একটা শিক্ষাপ্রতিষ্ঠানের অর্থ উপার্জন যদি একমাত্র লক্ষ্য হয়, তাহলে সেই স্কুল কর্তৃপক্ষকে বিচারের আওতায় আনা উচিত।

তিনি বলেন, ‘বিমানবাহিনীকেও জিজ্ঞাসা করতে হবে তারা কেন এই জনবহুল এলাকা প্রশিক্ষণের জন্য বেছে নিয়েছে। দেশে তো অনেক জায়গা আছে। বিমানের ফিটনেস ছিল কি না, অন্যত্র বিমান প্রশিক্ষণের ব্যবস্থা করবে কি না, নিহত ও আহত শিক্ষার্থীদের পরিবারের জন্য কী করবে-এ নিয়ে বিমানবাহিনীর বক্তব্য দেওয়া উচিত। মাইলস্টোন স্কুল অ্যাড কলেজ কর্তৃপক্ষও দায় এড়াতে পারে না।’

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বিভিন্ন দেশ থেকে চিকিৎসক আসা প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘চীন, ভারত ও সিঙ্গাপুরের চিকিৎসক দল বাংলাদেশে আসা ইতিবাচক, তাদের স্বাগত জানাই। সহানুভূতি নিয়ে তারা আমাদের এখানে এসেছেন। এ ঘটনায় সারা বিশ্বের মানুষ আজ শোকাহত।’ তিনি আরও বলেন, ‘নির্বাচন যত বিলম্বিত হবে, অন্তর্বর্তীকালীন সরকার নানা ধরনের প্রশ্নের মুখে পড়বে এবং দেশে নানা সংকট সৃষ্টি হবে।’

ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে-টুকু : রাজধানীর তুরাগের নয়ানগর এলাকায় মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত আরেক শিশু সারিয়া আক্তারের পরিবারের সদস্যদের দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘কিছু চক্র আছে যারা চায় না বাংলাদেশে গণতান্ত্রিক ধারায় নির্বাচন হোক। তারা চলমান ঘটনাগুলোকে ইস্যু করে নানারকম সমস্যা সষ্টির পাঁয়তারা করছে।’ সচিবালয় ঘেরাও ও মাইলস্টোনের ঘটনায় অরাজক পরিস্থিতি নিয়ে টুকু বলেন, ‘কিছুদিন ধরে এসব ঘটনা ঘটছে পরিকল্পিতভাবে। এতে বোঝা যায়, এসব কারা করছে।’

নিহত ভাই-বোনের পরিবারের পাশে রিজভী : এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুপুরে মাইলস্টোন স্কুলের একই পরিবারের নিহত দুই ভাই-বোন নাজিয়া ও নাফির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় নিহত নাজিয়া-নাফির বাবা আশরাফুল আলম বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিবকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি রুহুল কবির রিজভীর কাছে তার সন্তানদের কবরের ওপরে দুই বছর পরে যাতে অন্য কারও কবর না দেওয়া হয়, সেই দাবি জানান। এ সময় রিজভী বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাইলস্টোনের ঘটনার পর থেকেই সার্বক্ষণিক আপনাদের সবার খোঁজ রাখছেন। সন্তান হারানোর বেদনার থেকে বড় শোক আর কিছু হতে পারে না।’

সন্তানদের কবরের ওপর যাতে আর কারও কবর দেওয়া না হয়, সে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. শরীফুল ইসলাম, জাসাসের যুগ্ম-আহ্বায়ক জাহেদুল আলম হিটো, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. আউয়াল, উত্তরা আধুনিক মেডিকেলের ডা. মুনতাসির, তাসিন প্রমুখ।

শেয়ার করুন