স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ হুঁশিয়ারি দেন।
গতকাল মঙ্গলবার প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লকে চিকিৎসকরা তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতন করার প্রতিবাদে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম এ মানবন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরী বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার কোনো সুরাহা না করলে এবং যে সকল চিকিৎসক সাংবাদিকদের ওপর হামলা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে স্বাস্থ্যমন্ত্রী যেদিন বিদেশ সফর শেষে দেশে আসবেন সেদিন সাংবাদিকরা বিমানবন্দর ঘেরাও করবে।’
তা না হলে স্বাস্থ্যমন্ত্রণালয় কিংবা স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের হুমকি দেন তিনি।
তিনি বলেন, ‘মন্ত্রী দেশের বাইরে থেকে সংবাদ কাভারেজের জন্য ফোন করতে পারেন অথচ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কোনো বিবৃতি, সমবেদনা কিংবা সরি বলতে পারেন না।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদাল আহমেদ বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রীর একজন বিজ্ঞ রাজনীতিবিদ, তিনি চাইলে সবই করতে পারেন। তিনি কেন এখন নিশ্চুপ? যতি সাংবাদিকদের ওপর হামলার ব্যাপারে কোনো ব্যবস্থা তিনি না নেন তাহলে সাংবাদিকরা দুর্বার আন্দোলন গড়ে তুললে তা প্রতিরোধ করতে পারবেন না।’
রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘যদি এ হামলার ব্যাপারে কোনো ব্যবস্থা না নেন তাহলে সাংবাদিকরা তার (স্বাস্থ্যমন্ত্রী) পদত্যাগের জন্য আন্দোলন করবে।’
মানববন্ধন শেষে সাংবাদিক নেতারা ৫ দফা দাবিতে স্বাস্থ্যমন্ত্রণালয়ে স্মারকলিপির দেন।







