গোপালগঞ্জ সদর উপজেলার চামটা গ্রামে শ্বশুর বাড়ি থেকে জামাই সাহিদুল শেখের (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বাংলানিউজকে জানান, বছর খানেক আগে ওই গ্রামের সিদ্দিক ব্যাপারীর মেয়ে লক্ষ্মী খানমের সঙ্গে মাদারীপুর জেলার রাজৈর থানার গজারিয়া গ্রামের এমারত শেখের ছেলে সাহিদুল শেখের বিয়ে হয়। রোববার সাহিদুল স্ত্রী লক্ষ্মীকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে আসে।
সোমবার সকালে শ্বশুর বাড়ির লোকজন ঘরের ভেতর আড়ার সঙ্গে সাহিদুলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরে নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি।







