গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূর বিষ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হাসপাতালের স্টাফসহ ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার নিজরা গ্রামের রাসেল সরদারের স্ত্রী রুনা বেগম (২০) বিষ পান করেন। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
পরে গৃহবধূ বাবার লোকজন সদর হাসপাতালে ঢুকে রুনার স্বামী ও তার পরিবারের ওপর হামলা চালায়। এ সময় হাসপাতালের স্টাফরা বাঁধা দিলে তাদেরও মারধর করে। এতে কমপক্ষে ১৫জন আহত হন।
আহতদের মধ্যে আশঙ্কাজনক চার জনকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার পর ওই গৃহবধূকে বাপের বাড়ির লোকজন সদর হাসপাতাল থেকে সরিয়ে নিয়ে জেলা শহরের অপর একটি ক্লিনিকে ভর্তি করে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।







