প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ফাইল ছবি
হঠাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কলে উচ্ছ্বসিত হয়ে পড়েন আওয়ামী লীগ নেতাকর্মীরা। সেই সঙ্গে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ের কর্মচারীরাও বিস্মিত হয়ে কথা বলেন তাদের প্রিয় নেত্রীর সঙ্গে। এই ঘটনা বুধবার রাত আটটায় শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে।
সারাদিনের কর্মব্যস্ততা শেষে তখন ঘরে ফেরার তাগাদা নিয়ে অফিস গুছিয়ে এনেছিলেন ওই কার্যালয়ের দায়িত্বশীলরা। কাজ শেষে চলে গেছেন দলের অধিকাংশ নেতাও। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও বেরিয়ে গেছেন কিছুক্ষণ আগে। এরই মধ্যে কার্যালয়টির কনফারেন্স রুমের টিভি পর্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভেসে ওঠে। আগে থেকেই ওই এলইডি টিভিটিতে ভিডিও ওয়েবক্যাম লাগানো ছিল। হঠাৎ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কল করেন। সেখানে উপস্থিত কয়েকজন নেতাকর্মী প্রথমে টেলিভিশনের অনুষ্ঠান ভাবলেও পরে পর্দাজুড়ে প্রধানমন্ত্রীর ছবি ও সবার দিকে তাকিয়ে ‘কেমন আছেন’ জানতে চাওয়ায় উপস্থিত সবাই হচকিত হয়ে পড়েন।
এরই মধ্যে অন্যান্য রুম ও কার্যালয়ের সামনে অবস্থানরত নেতাকর্মীরাও কনফারেন্স রুমে চলে আসেন। একে একে ছুটে আসেন কার্যালয়টির কর্মকর্তা-কর্মচারীরাও। দলীয় সভাপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সবাই। এ সময় কার্যালয়ে ছিলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য আমিরুল আলম মিলন এবং মারুফা আকতার পপি।
কার্যালয়ের স্টাফদের মধ্যে আলাউদ্দিন, জামিনুর রহমান, মাসুদুল হাসান, রায়হান কবির, আলী হোসেন নাসির, আবু সাইদ, মিজান, সাজ্জাদ হোসেন জীবন, রনি, খোকন, রাজিব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
নেতাকর্মী ও স্টাফদের সবাই প্রধানমমন্ত্রীর সঙ্গে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় শেখ হাসিনা সবার উদ্দেশ্যে বলেন, খালি দেশ ডিজিটাল করলেই হবে না, নিজের দলকেও ডিজিটাল করতে হবে। আমি তো চাইলেও মানুষের ভোগান্তির কথা চিন্তা করে কার্যালয়ে যেতে পারি না। তাই নিজের কার্যালয় ডিজিটাল করেছি; যাতে যেকোনো প্রান্ত থেকে সংযুক্ত হয়ে যেকোনো বিষয়ে কথা বলতে পারি। এখন থেকে নিয়মিতই ভিডিও কলে যুক্ত হবার ইচ্ছা আছে। ডিজিটালাইজড প্রক্রিয়ায় সারাদেশের দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার কথাও জানান প্রধানমন্ত্রী।
এছাড়া কার্যালয়ের স্টাফদের কার্যালয়টি যাতে পরিস্কার পরিচ্ছন্ন থাকে সে ব্যাপারেও নির্দেশনা দেন তিনি। এক পর্যায়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা সমস্বরে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। শেখ হাসিনাও সেই স্লোগানে কন্ঠ মেলান।
গত জাতীয় সম্মেলনের আগে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়টি ডিজিটালাইজড করার উদ্যোগ নেওয়া হয়। সেই সুবাদে বুধবার ডিজিটাল ডিভাইসে ভিডিও কলে বড় পর্দায় সংযুক্ত হয়ে সংলাপের আগের সন্ধ্যায় চমক উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।







