ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থী সমর্থন দিতে এখনো দ্বিধাদ্বন্দ্বে বিএনপি। দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত বিএনপির পক্ষ থেকে চূড়ান্তভাবে কাউকে সমর্থন দেয়া হচ্ছে না। যদিও ইতিমধ্যে আজ জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে বিএনপির সমর্থন চেয়েছেন বিকল্প ধারা বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। এ সিটিতে আলোচনার শীর্ষে রয়েছেন মিন্টুর ছেলে তাবিথ আউয়াল। ভেতরে ভেতরে জাতীয় পার্টির চেয়ারম্যানের অব্যাহতিপ্রাপ্ত উপদেষ্টা ববি হাজ্জাজের পক্ষ থেকেও বিএনপির সমর্থন চাওয়া হয়েছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।
বিএনপির একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু। আইনি প্রক্রিয়া শেষে যদি তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন সেক্ষেত্রে সম্ভাব্য প্রার্থী তালিকার শীর্ষে রয়েছেন আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল। ইতিমধ্যে মাহী বি চৌধুরী প্রকাশ্যে আর ববি হাজ্জাজ গোপনে বিএনপির সমর্থন চেয়েছে। কিন্তু বিএনপির পক্ষ থেকে এদের কাউকে কোনো ধরনের গ্রিন সিগন্যাল দেয়া হয়নি।
জানা যায়, শিগগিরই এসব জল্পনা-কল্পনার অবসান হবে। আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্রের বৈধতা চেয়ে আনা রিট পিটিশন খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আনা আপিলটি শুনানির জন্য বৃহস্পতিবার আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের ওয়েব সাইটের তথ্য অনুযায়ী, আপিল বিভাগের আগামীকালের কার্যতালিকায় বিষয়টি শুনানির জন্য দুই নম্বরে রয়েছে। মিন্টুর বিষয়টি সুরাহা হওয়ার পরই ঢাকা উত্তর সিটিতে প্রার্থী সমর্থন দেবে বিএনপি।
এদিকে, সোমবার রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন আব্দুল আউয়াল মিন্টুর স্ত্রী নাসরিন আউয়াল, ছেলে তাবিথ আউয়াল ও তার স্ত্রী।
জানা যায়, সাক্ষাৎকালে নাসরিন মিন্টু খালেদা জিয়াকে অবহিত করেন মিন্টু ছেলেকে প্রার্থী করতেই ইচ্ছাকৃতভাবে তাঁর মনোনয়নপত্রে ভুল করেছেন বলে বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছে। সে কারণে তাবিথ আউয়ালের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ার অনুমতি চান খালেদা জিয়ার কাছে। এ প্রেক্ষিতে খালেদা জিয়া নাসরিন মিন্টু ও তাবিথ মিন্টুর উদ্দেশ্য করে বলেন, শেষ পর্যন্ত আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থী হতে না পারলে সেক্ষেত্রে তুমি (তাবিথ) নির্বাচন করার বিষয়ে প্রস্তুতি রাখো।
এদিকে বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহী বি চৌধুরীকে ২০ দল সমর্থন দেবে কিনা এমন প্রশ্নের জবাবে ন্যাপ এর মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া শীর্ষ নিউজকে জানান, জোটের বাহির থেকে কাউকে প্রার্থী দেয়া হলে তার পাশে থাকবে না বাংলাদেশ ন্যাপ। আর মাহী বি চৌধুরীর ক্ষেত্রে তো প্রশ্নই আসে না।
তিনি বলেন, বিকল্পধারা চলমান আন্দোলন ও হরতাল নিয়ে কখনো পক্ষে কখনো বিপক্ষে কথা বলেছে। জোট গঠনের সময় বলেছে এই জোটে যুদ্ধাপরাধী রয়েছে তাই আমরা এ জোটে যাব না।’’
বাংলাদেশ ন্যাপের এই নেতা বলেন, গত ১/১১ সরকারের শাসন আমল ও ২০ দলীয় চলমান আন্দোলনে মাহী বি চৌধুরীর ভূমিকা প্রশ্নবিদ্ধ। তার (মাহী) বাবা বদরুদ্দোজা চৌধুরীও বিএনপি থেকে নির্বাচিত রাষ্ট্রপতি হয়ে দলের বিপক্ষে কাজ করেছেন। তেমনি মাহী বি সিটি নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে সমর্থন পেয়ে নির্বাচিত হলে জোটের বিপক্ষে অবস্থান নিবেন।
মাহী বি চৌধুরীকে খালেদা জিয়া জোট থেকে সিটি নির্বাচনে সমর্থন দিলে মেনে নিবেন কি না প্রশ্ন করলে গোলাম মোস্তফা ভূইয়া শীর্ষ নিউজকে বলেন, উত্তর সিটিতে জোটের পক্ষ থেকে একাধিকজনকে মনোনয়নপত্র সংগ্রহ করার গ্রিন সিগ্যানেল দিলে আজকে ২০ দলীয় জোটকে এ সমস্যার সম্মুখীন হতে হতো না।
বাংলাদেশ ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি শীর্ষ নিউজকে বলেন, মাহী বি চৌধুরী ২০ দলীয় জোটের কেউ না। শুধু মাহী বি চৌধুরীই নয়, তার বাবা একিউএম বদরুদ্দোজা চৌধুরীও জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে বেইমানি করেছেন। কাজেই ঢাকা উত্তর সিটি নির্বাচনে মাহীকে সমর্থন দেয়ার কথাই আসে না।








