প্রচারে মির্জা আব্বাসের স্ত্রী

0
176
Print Friendly, PDF & Email

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী মির্জা আব্বাস প্রকাশ্যে না এলেও তার পক্ষে প্রচারে নেমেছেন এই বিএনপি নেতার স্ত্রী আফরোজা আব্বাস।

বুধবার সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে খিলগাঁওয়ের বিভিন্ন অলিগলিতে গণসংযোগ করে স্বামীর পক্ষে ভোট চান তিনি। এসময় ভোটারদের হাতে প্রচারপত্র তুলে দিতে দেখা যায় তাকে।

শান্তিপুর স্কুলের সামনে থেকে শুরু হওয়া গণসংযোগের সময় আফরোজা আব্বাসের সঙ্গে কয়েকশ নেতাকর্মীকে দেখা গেছে। এসময় নেতাকর্মীরা দল, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও মির্জা আব্বাসের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

এদিন বাসাবো-মাদারটেক, বৌদ্ধমন্দির এলাকা, বাসাবো এবং ঢাকা মেডিকেল কলেজ ও শাহবাগ এলাকায়  আফরোজা আব্বাসের গণসংযোগ চালানোর কথা রয়েছে।

ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত একক প্রার্থী সাঈদ খোকনের বিপরীতে বিএনপির চার নেতা  মেয়র পদে প্রার্থিতায় রয়েছেন। এদের মধ্যে ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাসকে সমর্থন দিয়েছে বিএনপি। নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি আব্বাসকে গত কয়েক মাস ধরে প্রকাশ্যে দেখা যায়নি।

অন্য প্রার্থীরা হলেন- বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগরের সাবেক সদস্য সচিব আবদুস সালাম এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনও প্রার্থী হয়েছেন। কাজী আবুল বাশার নামে এক প্রার্থীও বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট।

মঙ্গলবার সারাদিন ঢাকার দুই সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় পার করলেও বিএনপির প্রার্থীদের কাউকেই দেখা যায়নি।

মেয়রপ্রার্থী আসাদুজ্জামান রিপন অবশ্য জানিয়েছিলেন, দলের সমর্থন পাওয়া মির্জা আব্বাস প্রকাশ্যে এলে ৯ এপ্রিলের পর মাঠে নামবেন তারা।

তফসিল অনুযায়ী ৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। পরদিন শুক্রবার নির্বাচন কমিশন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে, ভোট হবে ২৮ এপ্রিল।

শেয়ার করুন