লক্ষীপুরে পেট্রোল বোমায় দগ্ধ কামাল হোসেন (২৮) নামের এক গাড়িচালক মারা গেছেন। মঙ্গলবার ভোর সোয়া চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত কামাল হোসেন লক্ষীপুর সদর উপজেলার দক্ষিণ বাঞ্চা নগর এলাকার সাফায়াত আলীর ছেলে ।
নিহতের ভাই শাহজাহান বাংলামেইলকে বলেন, ‘গতকাল সোমবার সন্ধ্যার দিকে লক্ষীপুর জেলগেট এলাকায় তার ভাইয়ের গাড়িকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুঁড়ে মারে। ঘটনার পর আহত কামালকে লক্ষীপুর সদর হাসপাতলে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আজ ভোর সোয়া চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।’







