লক্ষ্মীপুরের পৃথক দুইটি স্থান থেকে আওয়ামী লীগের দুই নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার চরশাহীর রামপুর গ্রাম থেকে আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান ভূঁইয়ার (৫০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবদুল মান্নান লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও রামপুর গ্রামের ভূঁইয়া বাড়ির বাসিন্দা বলে জানা গেছে। চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১১টার দিকে দুর্বৃত্তরা তাকে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নেয়। পরে রাত ১২টার দিকে স্থানীয়রা বাড়ি সংলগ্ন রাস্তার পাশে তার গলাকাটা লাশ দেখে থানায় খবর দেয়। এ ব্যাপারে দাসের হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। অপরদিকে জেলার রায়পুরের খালিপুল এলাকা থেকে আব্দুল মজিদ (৫০) নামের আরেক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মজিদ পৌরসভার দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উত্তর কেরওয়া গ্রামের হাসানুর রহমানের ছেলে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার হারুনুর রশিদ সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশে লাশ দেখে উপস্থিত লোকেরা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিন হতে একই বাড়ির লোকজনের সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিল মজিদের। এর জের ধরে কেউ তাকে হত্যা করতে পারে বলে ধারণা তাদের। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঞ্জুরুল হক আকন্দ শীর্ষ নিউজকে জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।







