লক্ষ্মীপুরে পৃথক ঘটনায় নিহত ২

0
871
Print Friendly, PDF & Email

লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহপাঠির হামলায় মো. সোহাগ নামের এক যুবক আজ বুধবার সকালে নিহত হয়েছে। সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। নিহত সোহাগ স্থানীয় নূর নবীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফিরোজ আলম ও মো. সোহাগের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফিরোজ ইট দিয়ে সোহাগের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের চিকিৎসা নিয়ে বাড়ি নিয়ে যাওয়া হয়। আজ সকালে তিনি মারা যান।

এদিকে, জেলার রামগতি উপজেলার হারুন বাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সেকান্দর হোসেন নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। সকালে নিহতের মৃতদেহ সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় আব্দুর জাহের মাঝি ও তার লোকজন সেকান্দরের বাড়িতে এসে হামলা চালায়। এসময় তিনি গুরুতর আহত হন। পরে নোয়াখালী হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে সেকান্দর মারা যায়। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে সাজ্জাদ হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুর জাহেরকে গ্রেফতার করেছে বলে জানান ওসি।

শেয়ার করুন