হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী আড়াল-সফরে রাজধানীতে এসেছেন। শুক্রবার সকাল ১০ টায় তিনি চট্টগ্রাম থেকে বিমানে করে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। এরপর তিনি হেফাজতে ইসলামের গাজীপুর চৌরাস্তায় অস্থায়ী কার্যালয় মাদরাসা হাফিজিয়ায় যান। সেখান থেকে শুক্রবার রাতে রাজধানীর ফরিদাবাদ মাদরাসায় আসেন। হেফাজত সূত্রে এমন তথ্য জানা গেছে।
শনিবার রাজধানীর ফরিদাবাদ মাদরাসায় দস্তারবন্দি মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন আল্লামা শফী। যদিও হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামবাদী বলেন, ‘হুজুর তিনদিনের সফরে ঢাকায় আছেন। সেখানে তিনি ইসলামী জলসায় অংশ নেবেন।’
এ ব্যাপারে হেফাজতের নীতিনির্ধারণী নেতা খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান বলেন, ‘হুজুর খতমে বুখারী, মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিলে অংশ নিতে ঢাকায় এসেছেন। তিনি আগামী ১৫ মে পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন।’
হেফাজতে ইসলামের উচ্চ পর্যায়ের সূত্রে জানা গেছে, ফরিদাবাদ মাদরাসার দস্তারবন্দি সম্মেলন (খতমে বুখারী), হেফাজতের বিশেষ বৈঠক ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বেফাকের মজলিসে শূরার বৈঠকে অংশ নিতে ঢাকায় এসেছেন। যথাসম্ভব গণমাধ্যম থেকে দূরে থাকতে ও সরকারের নির্দেশে তিনি এই সফর গোপন করেছেন।
হেফাজতের আরেকটি সূত্রমতে, হেফাজতের কোনো কর্মকাণ্ড ও প্রকাশ্যে কোনো সমাবেশ না করার সরকারি শর্তেই তিনি ঢাকায় এসেছেন।
সূত্রমতে, হেফাজতের গোপন বৈঠক লালবাগ মাদরাসা অথবা ফরিদাবাদ মাদরাসা ও যাত্রাবাড়ির কাজলার ভাঙা প্রেস এলাকায় বেফাকের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি বেফাকের মজলিসের শূরার বৈঠকে সভাপতিত্বে করবেন। সম্প্রতি সরকার ও আওয়ামী লীগের পক্ষে বক্তব্যের কারণে তিনি সাধারণ আলেমদের প্রশ্নের মুখে পড়তে পারেন। তবে লালবাগ মাদরাসায় গমণে তার প্রতি নিষেধাজ্ঞা রয়েছে বলেও জানান হেফাজতের একজন নেতা।
সূত্রমতে, অপারেশন শাপলার বর্ষপূর্তিতে কর্মসূচি থেকে বিরত থাকা, ছেলে মাওলানা আনাসের অঢেল অর্থের বিষয়ে বিভিন্ন সমালোচনা প্রসঙ্গেও আলোচনা হবে। সরাসরি অনেক আলেম তাকে এসব বিষয়ে প্রশ্ন করতে প্রস্তুতিও গ্রহণ করেছেন বলে কওমি মাদরাসাভিত্তিক সংগঠনটির উচ্চপর্যায়ের সূত্র দাবি করে।








