ভারতীয় ও চীনা নাগরিকদের বাড়ি ভাড়া দিতে চাইছে না সিঙ্গাপুরের বাড়িওয়ালারা। বিভিন্ন অনলাইনে বাড়ি ভাড়া দেওয়ার বিজ্ঞাপনে বাড়িওয়ালারা স্পষ্ট করে লিখে দিচ্ছে ‘নো ইন্ডিয়ান, নো চায়নিজ’।
অনলাইন সিটিজেনের বরাত দিয়ে আজ শনিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, কম মূল্যের বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে এটি খুবই সাধারণ ঘটনা এবং এই বিজ্ঞাপনগুলো মূলত বাড়িওয়ালারা নিজেরাই ওয়েবসাইটে পোস্ট করেন।
সিঙ্গাপুর শহরে এ ধরনের বৈষম্য বাড়ার ব্যাপারে সোচ্চার হচ্ছেন ভারতীয়রা। ইউনিভার্সেল সোসাইটি অব হিন্দুইজমের সভাপতি রঞ্জন জেড এ ধরনের বৈষম্য দ্রুত দূর করতে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট টনি টেন ও প্রধানমন্ত্রী লি হেসিয়েন লংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
সিঙ্গাপুর মিশ্র সংস্কৃতির দেশ হিসেবে পরিচিত। কিন্তু এর পরও বাসিন্দাদের মধ্যে অভিবাসীবিরোধী মনোভাব দিন দিন বাড়ছে। এ অবস্থায় সরকার অভিবাসীদের সাদরে গ্রহণ করে নিতে ও তাঁদের সব ধরনের সহায়তা করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে।
সিঙ্গাপুরে ভারতীয়দের বাড়ি ভাড়া দিতে না চাওয়ার কারণ সম্পর্কে এক ভারতীয় অভিবাসী বিবিসিকে জানান, ভারতীয়দের রান্নার ঝাঁঝের কারণে সিঙ্গাপুরের বাড়িওয়ালারা তাঁদের বাড়িভাড়া দিতে চায় না বলে তাঁর এক সহযোগী জানিয়েছেন।
বাড়িভাড়া দেওয়া-নেওয়ার কাজের মধ্যস্থতাকারী চার্লিন বলেন, ভারতের ভাড়াটিয়াদের অনেকেই প্রতি সপ্তাহে বাড়ি পরিষ্কার করে না। বেশি রান্নাবান্না করে এবং মাসের পর মাস তেল-ময়লা পরিষ্কার করে না। রান্নায় ব্যবহার করা মসলার ঝাঁঝালো গন্ধ আশপাশের অনেকেই সহ্য করতে পারে না।









