বিয়ের পণ বাবদ দিতে হয়েছিল নিজের একটা কিডনি | কিন্তু তারপরেও নিস্তার মিলল না | শ্বশুর শাশুড়ির নির্যাতন চলতই| শেষে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন ২৮ বছরের যুবতী|
মৃতার নাম পুনম দেবী | কোডার্মার বাসিন্দা পুনমের বিয়ে হয় হাজারিবাগের সুদামা গিরির সঙ্গে | অভিযোগ, বর পক্ষ ২০০৬ সালে বিয়ের বরপণ নিয়েছিল লক্ষাধিক টাকা| তারপরেও নিস্তার পাননি পুনম | দুই সন্তানের মা পুনমকে নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন | বলত, আরও পণ আনতে হবে |
মাস ছয় আগে অসুস্থ হয়ে পড়ে পুনমের স্বামী সুদামা | জানা যায় সুদামার কিডনি বিকল | প্রতিস্থাপনের প্রয়োজন | অভিযোগ, পুনমের শাশুড়ি লিখিত ভাবে বলে, যদি পুনম তাঁর কিডনি দেন এবং সুদামার দেখভাল ভাল ভাবে করে তাহলে আর পণের জন্য চাপ দেওয়া হবে না|
রাজি হন পুনম | শাশুড়ি প্রতিশ্রুতি দেয়, পুনম কিডনি দিলে পণের বাকি ২৫ হাজার টাকা আর দাবি করা হবে না | কিন্তু অভিযোগ, সেই কথা রাখা হয়নি| কিডনি দেওয়ার পরেও টাকার জন্য চাপ দেওয়া হত | শেষে এক সপ্তাহ আগে অত্যাচার সহ্য করতে না পেরে গায়ে আগুন দেন পুনম |
হাসপাতালে এক সপ্তাহ যুদ্ধ করার পরে মৃত্যুর কাছে হার মানেন পুনম | তাঁর বাবা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন | তদন্তকারীরা জানিয়েছে শীঘ্র অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ গৃহীত হবে |






