আজীবন নিষিদ্ধ সেই কলা নিক্ষেপকারী

0
293
Print Friendly, PDF & Email

ঘটনাটি তোলপাড়ই ফেলে দিয়েছে ফুটবল বিশ্বে। ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার ম্যাচে দানি আলভেজের দিকে কলা ছুড়ে মেরেছিলেন এক দর্শক। বর্ণবাদের অভিপ্রায়ে ছুড়ে মারা সেই কলা খেয়ে বর্ণবাদের বিরুদ্ধে নীরব প্রতিবাদই যেন জানিয়েছেন ব্রাজিলীয় তারকা। কৌতুকের মাধ্যমে আলভেজ বর্ণবাদের প্রতিবাদ করলেও ব্যাপারটি যে অনেক দূর গড়িয়েছে, সেটা বোঝা গেল কঠোর এক সিদ্ধান্তের মাধ্যমে। সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করে সেই বর্ণবাদী দর্শককে নিষিদ্ধ করা হয়েছে আজীবনের জন্য।
ওই দর্শক যত দিন বেঁচে থাকবেন, ততদিন তিনি ভিয়ারিয়ালের মাঠ ‘এল মাদ্রিগালে’ বসে খেলা দেখতে পারবেন না। শুধু তা-ই নয়, ওই দর্শককে তলব করা হতে পারে স্পেনের সহিংসতাবিরোধী কমিশনে। সেখানে তাঁর বর্ণবাদী আচরণ প্রমাণিত হলে তাঁকে মুখোমুখি হতে হবে ফৌজদারি শাস্তিরও।
এ ঘটনায় ভিয়ারিয়াল ক্লাব কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। বিবৃতির ভাষা অনেকটা এ রকম, ‘গতকাল (পরশু) এল মাদ্রিগালে বার্সার বিপক্ষে ম্যাচ চলার সময় এক সমর্থকের একটি বস্তু ছুড়ে মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভিয়ারিয়াল ক্লাব কর্তৃপক্ষ গভীর দুঃখ প্রকাশ ও নিন্দা জ্ঞাপন করছে। মূল্যবান সহযোগিতার জন্য নিরাপত্তা কর্মীদের ধন্যবাদ। ক্লাব এরই মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করেছে। কর্তৃপক্ষ তার এ মৌসুমের অবশিষ্ট ম্যাচগুলোর টিকিট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে মাদ্রিগালে আজীবন প্রবেশ নিষিদ্ধ করেছে।’

এদিকে দানি আলভেজের দিকে কলা ছুড়ে মারার ঘটনার নিন্দা জানিয়েছেন স্বয়ং ব্রাজিলীয় প্রেসিডেন্টও। ওয়েবসাইট।

শেয়ার করুন