রাজনৈতিক সদিচ্ছা থাকলে আলোচনায় সমাধান : স্পিকার

0
202
Print Friendly, PDF & Email

দলগুলোর মধ্যে রাজনৈতিক সদিচ্ছা থাকলে যেকোনো সমস্যার সমাধান হতে পারে বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ সোমবার জাতীয় সংসদে জার্মানির ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কিত সংসদীয় কমিটির প্রতিনিধিদল স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন। ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান ড্যাগমার জি ওহরেল ৯ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রে মতপার্থক্য থাকবে এটাই স্বাভাবিক। এর মধ্য দিয়েই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কাঙ্ক্ষিত উন্নয়ন ও অগ্রগতির পথে বাংলাদেশ অনেকটাই এগিয়েছে।
ড. শিরীন শারমিন বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদে এরই মধ্যে প্রথম অধিবেশন শেষ হয়েছে। সরকার-বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যদের অংশগ্রহণে প্রথম অধিবেশন ছিল প্রাণবন্ত।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে স্পিকার বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নে অনেক দূর এগিয়ে গেছে। জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করার পাশাপাশি তৃণমূল পর্যায়েও নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। সরকার নারী উন্নয়ন নীতিমালা প্রণয়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান ও বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে যা নারীদের স্বনির্ভর করতে সহায়তা করছে। এসব পদক্ষেপের কারণে বাংলাদেশ বিভিন্ন সূচকে উন্নয়ন করেছে, মাতৃমৃত্যু হার, শিশুমৃত্যু হার কমেছে। তিনি বলেন, পোশাক শিল্প শ্রমিকদের সুষ্ঠু কর্ম পরিবেশ, প্রয়োজনীয় নিরাপত্তা ও ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করে জাতীয় সংসদে শ্রম আইনে প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করার পাশাপাশি কর্ম পরিবেশ উন্নত করার সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
স্পিকার বলেন, জার্মানি বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। দুই দেশের জনগণ ও সংসদের মধ্যে সম্পর্ক আরো উন্নয়নের সুযোগ রয়েছে। এ ছাড়া জার্মানি বাংলাদেশের উন্নয়নেরও অংশীদার। ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়নে জার্মানির সহযোগিতা অব্যাহত থাকবে বলেও স্পিকার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ ও বাংলাদেশে নিযুক্ত জার্মানি রাষ্ট্রদূত ড. আলবার্ট কোনজে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন