অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রাক বাজেট আলোচনায় বলেছেন, বর্তমানে ঢাকা শহরের বাহিরে শিল্প-কারখানা করা হলে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হবে। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং ঢাকা শহরে শিল্প-কারখানা করার ক্ষেত্রে সরকার কঠোর হবে। তিনি বলেন, ঢাকায় আর কোন নতুন শিল্প কারখানা নয়। নতুন কোন শিল্প কারখানা, ব্যাংক ও বিশ্ববিদ্যালয় করতে হলে ঢাকার বাইরে করতে হবে। আগামীতে এখানে কোন ছাড় দেয়া হবে না। রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ-২ এ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর সংসদীয় কমিটির সঙ্গে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের কেন্দ্রে পরিণত করা হবে জেলাকে। আগামীতে জেলা বাজেটে ৫০ শতাংশের বেশি বরাদ্দ দেয়া হবে।
জমির দাম পুন:নির্ধারণের বিষয়ে মন্ত্রী বলেন, এবার ঢাকাসহ সব জায়গায় জমির দাম ও কর বৃদ্ধি করা হবে। কারণ, জমির দাম অত্যাধিক বৃদ্ধি পেলেও করের হার বাড়েনি। গত বাজেটে কাঠা প্রতি ৩ থেকে ৪ লাখ টাকা বাড়ানো হয়েছে। তবে এবার দাম কত বাড়বে তা এখনই বলা যাচ্ছে না







