সংকট উত্তরণে একাদশ সংসদ নির্বাচন এখন সময়ের দাবি

0
214
Print Friendly, PDF & Email

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন ও গণতন্ত্রের সংকট উত্তরণে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সহযোগী সংগঠন ঐক্য পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ সকল রাজনৈতিক নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে ঐক্য পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।
বাংলাদেশের রাজনৈতিক ও গণতন্ত্রের সংকট উত্তরণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে মাহবুবুর রহমান বলেন, দশম সংসদ অত্যন্ত দুর্বল সংসদ। এই সংসদের প্রতিনিধিরা জনগণের রায় নিয়ে আসেননি। তারা জনগণের আশা ও আকাঙ্খা পূরণ করতে পারবে না। সুতরাং তাদের ক্ষমতায় থাকার সাংবিধানিক অধিকার নেই।
তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সরকারের নতজানুর পররাষ্ট্র নীতির কারণে আমরা তিস্তার ন্যায্য হিস্যা পাচ্ছি না। তিস্তা এখন শুষ্ক বালুচর। তবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে ভারতের সাথে চুক্তির মাধ্যমে তিস্তার ন্যায্য পানি পাওয়া সম্ভব বলে মত দেন তিনি।

শেয়ার করুন