৫৪ বছরে সবচেয়ে উত্তপ্ত দিন

0
260
Print Friendly, PDF & Email

ভোরের নরম আলোকচ্ছটা যেন চোখের নিমেষেই মিলিয়ে যাচ্ছে। প্রখর রোদকে সঙ্গী করে যে সকাল শুরু হচ্ছে, তা দুপুর নাগাদ অসহনীয় হয়ে উঠছে। এমন অসহনীয় উত্তাপ গত ৫৪ বছরের মধ্যে ঢাকাবাসী অনুভব করেনি।
গত ৭৩ বছরের তাপমাত্রার রেকর্ড রয়েছে আবহাওয়া অধিদপ্তরে। সেই হিসাবে, এ পর্যন্ত ১৯৬০ সালের ৩০ এপ্রিল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল বৃহস্পতিবার ঢাকায় তাপমাত্রা পৌঁছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। এই তাপমাত্রাকে গত ৫৪ বছরের মধ্যে এখনো পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বলছে আবহাওয়া অধিদপ্তর। এপ্রিলের স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ দিনে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
অধিদপ্তরের পরিচালক শাহ আলম প্রথম আলোকে বলেন, এ বছরটা অন্য যেকোনো বছরের তুলনায় বেশি উত্তপ্ত হবে—এমনটাই পূর্বাভাস ছিল। বাংলাদেশের বায়ুমণ্ডল এপ্রিল ও মে—এই দুই মাস উত্তপ্ত থাকে। এই সময়ে বাংলাদেশের ওপর দিয়ে দক্ষিণ দিক থেকে যে সামান্য জলীয়বাষ্প আসে, তা তাপমাত্রা কমিয়ে রাখে। কিন্তু এবার সেই দখিনা বাতাস খুবই কম এসেছে। ফলে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে অর্ধেক কম। তাই তাপমাত্রা বেড়েছে। দেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, ১৯৭২ সালের ১৮ মে। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী দু-তিন দিন তাপপ্রবাহের এই ধরন অটুট থাকবে। ২৭ এপ্রিলের পর বৃষ্টি আসতে পারে। এতে কমে আসবে দাবদাহের দাপট।
শহরে যা দাবদাহ, গ্রামে তা খরা হয়েই দেশবাসীর কষ্ট বাড়াচ্ছে। এই খরার কবলে পড়েছে বোরো ধান। এই সময়টাতে ধানের থোড় বের হয়। এপ্রিলে স্বাভাবিক বৃষ্টি কম হলেও সামান্য যা হয়, তাতেই ধানের থোড় বেরোয়। এবার সেই সামান্য বৃষ্টিরও দেখা মেলেনি।
এ ব্যাপারে বিশ্বব্যাংকের সমন্বিত কৃষি উৎপাদন বৃদ্ধি প্রকল্পের পরিবেশবিষয়ক পরামর্শক ও সেচ বিশেষজ্ঞ ইফতেখারুল আলম দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ফসলের অবস্থান পর্যবেক্ষণ করে একটি প্রতিবেদন তৈরি করছেন। তাঁর পর্যবেক্ষণে দেখা গেছে, দেশের প্রধান ধান উৎপাদনকারী এলাকাগুলোতে বোরো ধানের থোড় দেরিতে বের হচ্ছে। এতে ধানে চিটা পড়তে পারে।
তবে আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, এ বছরের গ্রীষ্মের শুরুটাই ছিল শুষ্ক। গত মার্চে সারা দেশেই স্বাভাবিকের চেয়ে ৬৬ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এপ্রিলে স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও গত ২৪ দিনে স্বাভাবিকের তুলনায় অর্ধেকও বৃষ্টি হয়নি।
দিনের তাপমাত্রা বেড়ে যাওয়ায় রাজধানীতে বিদ্যুতের লোডশেডিংয়ের পরিমাণও বেড়ে গেছে। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, পুরান ঢাকাসহ বেশির ভাগ এলাকায়ই লোডশেডিং বাড়ছে। পুরান ঢাকা ও যাত্রাবাড়ী এলাকায় পানির সংকটও তীব্রতর হয়ে উঠেছে।
আজকের জন্য আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, ঈশ্বরদী, খুলনা, মংলা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলগুলোর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দেশের অন্যত্র মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

শেয়ার করুন