পশ্চিমা সরকারপন্থি নতুন নেতাদের প্রতি সমর্থন প্রদর্শনের উদ্দেশ্যে ইউক্রেন সফরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার দেশটির নেতাদের সাথে বৈঠকে বসার কথা রয়েছে তার। এসময় বাইডেন দেশটিতে আসন্ন নির্বাচনের বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভেরভ সোমবার অভিযোগ করে বলেছেন, ইউক্রেন জেনেভা চুক্তি ভঙ্গ করছে। দেশটির সঙ্কট নিরসনে গত সপ্তাহে জেনেভায় ঐ আন্তর্জাতিক চুক্তি হয়।
জানা গেছে, কিয়েভ সফরে এসে বাইডেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত্ করবেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এ বৈঠকে দেশটির সংবিধান সংস্কার, অর্থনীতিকে জোরদার করা, বিকেন্দ্রীকরণ এবং সুষ্ঠুভাবে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের বিষয়গুলোর ওপর গুরুত্ব দেবেন বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন সংকট নিয়ে ফোনে আলাপ করেন এবং এই উদ্ভুত সংকটের জন্য দুইপক্ষই অন্যদেরকে দায়ী করেন। এদিকে রবিবার পূর্ব ইউক্রেনের স্লোভানিয়াস্কে একটি তল্লাশি চৌকিতে রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীদের ওপর হামলার ঘটনায় তিনজন নিহত হয়।
রাজধানীতে এ বিক্ষোভকে অবৈধ আখ্যা দিয়ে ল্যাভরভ বলেন, এ বিক্ষোভ থামাতে দেশটির সরকারের ব্যর্থতা মেনে নেয়া যায় না। তিনি আরো বলেন, জেনেভা চুক্তির সবচেয়ে বড় শর্ত হচ্ছে ‘যেকোনোরকম সহিংসতা ঠেকানো’। কিন্তু তা মানা হচ্ছে না। কিয়েভের ক্ষমতা দখলকারীরা এমন সব পদক্ষেপ নিচ্ছে যাতে করে জেনেভায় উপনীত চুক্তি লঙ্ঘন হচ্ছে। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় রাশিয়া, ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কূটনীতিকরা দেশটির চলমান সঙ্কট নিরসনে ঐ চুক্তিতে পৌঁছান।









