বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এ সরকার তিস্তা নদীর পানির হিস্যা আদায় করতে পারবে না। তারা জনবিচ্ছিন্ন একটি সরকার, তাই তারা ব্যর্থ হয়েছে। তিস্তার ন্যায্য হিস্যা আদায়ের জন্য আন্তর্জাতিকভাবে ভারত সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই তিস্তা অভিমুখে আমাদের লংমার্চ কর্মসূচি।’
মঙ্গলবার দুপুরে তিস্তা অভিমুখে লংমার্চ উপলক্ষে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে জেলা বিএনপি আয়োজিত লংমার্চের তৃতীয় পথসভায় তিনি একথা বলেন।
ফখরুল বলেন, ‘জনগণের সঙ্গে এ সরকারের কোনো সম্পৃক্ততা নেই। তারা পানি বণ্টন চুক্তির মীমাংসা করতে পারবে না।’
তিনি বলেন, ‘অতিদ্রুত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে।’
সিরাজগঞ্জবাসীর উদ্দেশে ফখরুল বলেন, ‘সরকার বিরোধী আন্দোলনে সিরাজগঞ্জের ১৬ বিএনপি নেতাকর্মী প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। দলের জন্য তাদের এ ত্যাগ বিএনপির পরবর্তী আন্দোলনে আত্মবিশ্বাস জাগাবে।’







