পুলিশের ওপর হামলার অভিযোগে নাটোর জেলা জামায়াতে ইসলামীর আমির ইউনুস আলীসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শিবিরের জেলা সেক্রেটারি আবু তালেবসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার নাটোর শহরের হরিশপুর বাইপাস মোড়ে জেলা জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ছয় পুলিশসহ ২৬ জন আহত হন। সংঘর্ষের সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ছোড়া ইটের আঘাতে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপপরিদর্শক (এসআই) আহত হন। এ ঘটনায় গতকাল রাতে নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) নূর ই আলম মামলাটি করেন।
নাটোর সদর থানা সূত্রে জানা যায়, মামলায় জেলা জামায়াতে ইসলামীর আমির ইউনুস আলী, সেক্রেটারি দেলওয়ার হোসেন খানসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। মামলা করার পর পুলিশ শহরের চকরামপুর এলাকা থেকে শিবিরের জেলা সেক্রেটারি আবু তালেব, হরিশপুর ওয়ার্ড জামায়াতের সভাপতি শাহ আলম, শিবিরের কর্মী মোহাইমেনুলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মামলা দায়ের ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।






