বিজেপি নতুন পাকিস্তান সৃষ্টি করতে চায় : ভারতের মন্ত্রী

0
240
Print Friendly, PDF & Email

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ফারুক আবদুল্লাহ বলেছেন, বিজেপির নোংরা মানসিকতার কারণে পাকিস্তান সৃষ্টি হয়েছে। তারা নতুন আরেকটি পাকিস্তান বানাতে চায়। এছাড়া জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির সমালোচনা বন্ধ না করে তিনি বরং ‘পাকিস্তানে চলে যাওয়াকেই’ বেছে নেবেন। খবর
পিটিআই ও ইন্ডিয়া এক্সপ্রেসের।
বিহারের বিজেপি নেতা গিরিরাজ সিং ‘যারা মোদিকে থামাতে চায়, তাদের স্থান ভারতে নেই, তাদের স্থান হবে পাকিস্তান’ বলে যে মন্তব্য করেছেন, তার জবাবে ওই দুই নেতা তা বলেছেন।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুক আবদুল্লাহ সোমবার বিজেপি নেতার সমালোচনা করে বলেন, এ ধরনের ‘নোংরা মানসিকতা’র জন্য অতীতে দেশ ভাগ হয়েছিল।
কাশ্মীরের বাড়গামে এক নির্বাচনী জনসভার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘এ ধরনের চিন্তার কারণে পাকিস্তান সৃষ্টি হয়েছিল। আমার মনে হচ্ছে তারা এখন নতুন একটি পাকিস্তান বানাতে চায়। এ ধরনের চিন্তা  চলতে থাকলে ভারতকে রক্ষা করা হবে খুবই কঠিন।’
তিনি বলেন, ‘এটা নোংরা চিন্তা। জনগণের এ ধরনের নোংরা চিন্তার বিরুদ্ধে কথা বলা উচিত। এসব লোক হিন্দু, মুসলমান, শিখ ও খ্রিস্টানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়।’
ভিএইচপি নেতা প্রবীণ টোগাড়িয়ার মুসলিমবিদ্বেষী মন্তব্যের সমালোচনা করে ফারুক আবদুল্লাহ বলেন, এ ধরনের হুমকিতে ভারতের মুসলমানরা ভয় পায় না। তিনি বলেন, ‘আমরা আল্লাহর পথে আছি। এ ধরনের হুমকি দিয়ে আমাদের ভীত করা যাবে না। ইনশাল্লাহ, আমরা অবশ্যই সফল হব।’
কাশ্মীরের অনন্তনাগে বক্তৃতকালে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সোমবার বলেছেন, তিনি বিজেপির মোদির সমালোচনা বন্ধ করার বদলে প্রয়োজনে পাকিস্তানে যেতে রাজি।
তিনি বলেন, ‘মোদির সমালোচনা বন্ধ করার চেয়ে আমি বরং পাকিস্তানে চলে যেতে পছন্দ করব। … শ্রীনগর-মোজাফফরাবাদ বাস সার্ভিস আছে। আমাকে নয়া দিল্লি যেতে হবে না, আমি এখান থেকেই ওই বাসে চড়তে পারব।’

শেয়ার করুন