ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে পুলিশ এবং সরকারবিরোধী সমর্থকদের মধ্যে নতুন করে সহিংসতা শুরু হয়েছে। বিক্ষোভকারীরা রোববার গণতন্ত্র পুনরুত্থানের দাবিতে মিছিল করার পরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কুশপুত্তলিকা দাহ করে। সরকারবিরোধী আন্দোলনের প্রতিবাদে প্রেসিডেন্ট মাদুরোর দশ হাজার সমথর্কও রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছে। প্রেসিডেন্ট মাদুরো ক্ষমতায় আসার পর থেকে শিক্ষার্থীরা ভেনেজুয়েলায় অপরাধ বৃদ্ধি, উচ্চ মূল্যাস্ফীতি এবং খাদ্য সঙ্কটের প্রতিবাদে আন্দোলন করে আসছে। গত ফেব্রুয়ারি মাস থেকেই রাজধানী কারাকাসের পূর্বে চাকো জেলায় সহিংসতা দমনের জন্য আন্দোলনকারীদের উপর পুুলিশের পেট্রল বোমা, কাঁদানে গ্যাস এবং জল কামান ব্যবহারের ফলে ৪০ জন নিহত এবং শতশত লোক গ্রেফতার হয়। সরকারবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের প্রতিনিধি ডি জামিল জাসির বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা আমাদের দেশ ফিরে না পাওয়া পর্যন্ত রাস্তায় আন্দোলন চালিয়ে যাব।
অন্য আরেকজন আন্দোলনকারী নয়বেথ রামিরেজ বলেন, ইতোমধ্যে আন্দোলনে অনেক লোক নিহত হয়েছে যারা কখনও ফিরে আসবে না তাদের জন্যই আমরা এখানে এসেছি। পরে শ’খানেক বিক্ষোভকারী রাজধানীর পূর্ব চাকো জেলায় ব্যারিকেড তৈরি করে এবং পেট্রল বোমা নিক্ষেপ করে।









