গত বছর ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে সাবেক প্রেমিকযুগল রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের রসায়ন দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। ছবিটির ব্যাপক সাফল্যের পর আবারও এ জুটিকে উপহার দিচ্ছেন ‘লাভ আজকাল’ ছবির নির্মাতা ইমতিয়াজ আলী। ইমতিয়াজের নতুন ছবি ‘তামাশা’য় অভিনয়ের জন্য এর মধ্যেই সবুজ সংকেত দিয়ে দিয়েছেন রণবীর-দীপিকা।
ছবিটির সংগীত পরিচালনার জন্য অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রাহমানকেও রাজি করিয়েছেন ইমতিয়াজ আলী।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে মিড-ডে ডটকম জানিয়েছে, ইমতিয়াজ তাঁর নতুন ছবির নাম রেখেছিলেন ‘উইন্ডো সিট’। সম্প্রতি এর শিরোনাম পাল্টে ‘তামাশা’ রাখা হয়েছে। ছবিটিতে অভিনয়ের জন্য আগেই সম্মতি দিয়েছিলেন রণবীর। সম্প্রতি দীপিকাও ছবিটিতে কাজ করবেন বলে কথা দিয়েছেন। ছবিটির সংগীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন এ আর রাহমান। আর ছবির জন্য গানের কথা লিখবেন ইরশাদ কামিল।
‘তামাশা’ তৈরির প্রস্তুতি শুরু করে দিয়েছেন ইমতিয়াজ আলী। তাঁর চিত্রনাট্য ও পরিচালনায় এর শুটিং শুরু হবে চলতি বছরের জুন-জুলাই মাসে। ‘তামাশা’ যৌথভাবে প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা ও ইমতিয়াজ আলী। এর পরিবেশক সংস্থা ইরোস ইন্টারন্যাশনাল। ছবিটি মুক্তি পাবে আগামী বছর।










