কুষ্টিয়া প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের বাসভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ছাত্রলীগ নেতা সজিব৷ গতকাল বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সজিবুল ইসলাম সজিব ও আহমেদ মাহফুজ সাজন সহ চাকরি প্রত্যাশী কয়েকজন বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে আসে৷ এসময় তারা ভিসির নিকট চাকরি দাবি করে বিভিন্ন কথা বলে৷ তারা বলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের কথায়ও চলবে না আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আবুল আহসান চেীধুরীর কথায়ও চলবেনা৷ বিশ্ববিদ্যালয় চলবে আমাদের কথায়৷ অন্যথায় তারা ( সজিব বলেছেন) ভিসিকে সহ তার বাসভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেন৷ এর পর বেলা সারে ১১ টার দিকে দলীয় টেন্টে এসে আহবায়ক সহ ছাত্রলীগের বর্তমান কমিটির অন্যান্য সদস্যদের সাথে তাদের কথা কাটা-কাটি হয়৷ পরে ১টার দিকে সজিব ও সাজনের নেতৃত্বে চাকরি প্রত্যাশীরা বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে তালা দিতে চাইলে প্রক্টর ও ছাত্র উপদেষ্টা এসে তাদেরকে সরিয়ে দেন ৷ এসময় প্রক্টর প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন চলবে তার নিজস্ব গতিতে৷ কেউ যদি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে চায় তাদেরকে কোনমতেই ছাড় দেওয়া হবেনা৷
বোমা মারার কথা অস্বীকার করে ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সজিবুল ইসলাম সজিব বলেন, ‘আমাদের কিছু ছিল৷ সেই বিষয়ে কথা বলতেই ভিসি স্যারের নিকট গিয়েছিলাম এবং সেই বিষয়েই কেবল কথা বলেছি’৷
ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, “ছাত্রলীগের কয়েকজন ছেলের সাথে কিছু কথা কাটা-কাটি হয়েছে৷ তিনি বলেন আমি তাদের সকলকে ছেলের মত দেখি৷ আশা করি সব ঠিক হয়ে যাবে”৷






