বর্তমান ‘অবৈধ’ সরকার নিজের দেশের পানি নিরাপত্তা হুমকির মুখে ঠেলে দিয়ে ভারতের স্বার্থ দেখতে একেবারে অন্তঃপ্রাণ হয়ে পড়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশটির সাথে বাংলাদেশ সরকারের একপক্ষীয় প্রেম চলছে। দিল্লির আয়নায় বিশ্বকে দেখছে এই অবৈধ সরকার। জনস্বার্থে লংমার্চ কর্মসূচিতে যারা বাধা দিবে তারা গণশত্রু হিসেবে চিহ্নিত হবে।
গতকাল রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী আহম্মেদ বলেন, তিস্তা নদীর পানি সরিয়ে নিয়ে দেশের উত্তরাঞ্চলকে মরুকরণের দিকে ঠেলে দেয়া হচ্ছে। তিস্তা অববাহিকার তিন থেকে চার কোটি লোককে জীবনমরণের সন্ধিক্ষণে ঠেলে দেয়া হচ্ছে। অথচ সরকারের প্রেমের কোনো কমতি দেখা যাচ্ছে না।
রিজভী আহম্মেদ বলেন, বাংলাদেশ সরকারের ভারতের প্রতি প্রেম যেন ওয়ানওয়ে ট্রাফিক। মেরেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না’- এই বৈষ্ণব প্রেমকেও তারা হার মানায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, লংমার্চ ২২ এপ্রিল সকাল ৮টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হবে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে নেতৃত্ব দিবেন।
লংমার্চটি ঢাকা মহানগর হয়ে গাজীপুরের টঙ্গী, কোনাবাড়ি হয়ে কালিয়াকৈরে প্রথম পথসভা করবে। এরপর টাঙ্গাইল বাইপাস মোড়ে পথসভা শেষে যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে পথসভা করা হবে।
এ ছাড়া ২২ এপ্রিল বগুড়ার বিভিন্ন স্থানে পথসভা করে ওই দিন বিকেলে রংপুর গিয়ে অবস্থান করবে লংমার্চ। পর দিন ২৩ এপ্রিল সকাল ৯টায় রংপুরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে ১১টায় তিস্তা ব্যারেজের ডালিয়ায় হেলিপ্যাডে সমাবেশের মাধ্যমে কর্মসূীি শেষ হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
রিজভী বলেন, লংমার্চে মূলত উত্তরাঞ্চলের ১৬টি জেলা ছাড়াও গাজীপুর ও টাঙ্গাইল জেলাকে গুরুত্ব দেয়া হচ্ছে। এ ছাড়া কেন্দ্রীয় কমিটির নেতারা ও সারা দেশের জেলা সভাপতি-সাধারণ সম্পাদকদের নেতৃত্বে নেতাকর্মীরা যার যার মতো করে লংমার্চে অংশগ্রহণ করবেন।
লংমার্চে বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটও আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে বলে জানান তিনি। এ সময় দলের মহানগর নেতা আবদুস সালাম, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহিন, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু প্রমুখ উপস্থিত ছিলেন।








