চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞাসহ বিএনপির ১৮০ জন নেতাকর্মীর বিরুদ্ধে হামলা ও লুটপাটের অভিযোগে মামলা করা হয়েছে।
রোববার দুপুরে শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন শিবগঞ্জ পৌর এলাকার শেকটোলা মহল্লার সেরাফত আলী।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, মামলায় অধ্যাপক শাহাজান মিঞাসহ ৩০ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ১০০-১৫০ জনকে।
এজাহারে বাদী উল্লেখ করেছেন, গত বছরের ১২ ডিসেম্বর কাদের মোল্লার রায় কার্যকরের পর শাহাজাহান মিঞার নির্দেশে অন্য আসামিরা তার বাড়িতে হামলা চালায়। এসময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং বাড়িতে লুটপাট করে অগ্নিসংযোগ করা হয়।







