গত আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল সাতে প্রথম দুটি ম্যাচই হেরে গেল। কলকাতা নাইট রাইডার্সের কাছে উদ্বোধনী ম্যাচ হারার পর রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সামনেও ব্যর্থ হলো রোহিত শর্মারা। শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তারা হেরেছে সাত উইকেটে। এনিয়ে টানা জয় পেল ব্যাঙ্গালুরু।
মুম্বাই ইন্ডিয়ান্স: ১১৫/৯ (২০ ওভার)
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: ১১৬/৩ (১৭.৩ ওভার)
ফল: ব্যাঙ্গালুরু জয়ী সাত উইকেটে
টস জিতে এদিন ফিল্ডিং নেয় বিরাট কোহলির দল। যুজবেন্দ্র চাহালের নিয়ন্ত্রিত বোলিং এবং মিচেল স্টার্ক ও বরুন অ্যারনের বোলিং তোপে প্রাণবন্ত ব্যাটিং করতে পারেনি মুম্বাই। তিনজনেই দুটি করে উইকেট দখলে নেন। তবে চাহাল চার ওভারে দেন মাত্র ১৭ রান।
মুম্বাইয়ের পক্ষে ব্যাট হাতে সামান্য প্রতিরোধ গড়েছিলেন অম্বতি রাইডু। ৩৭ বলে একটি চারে ৩৫ রান করেন তিনি। এছাড়া কোরি এন্ডারসন (১৮), আদিত্য তারে (১৭) ও মাইক হাসি (১৬) শুধুমাত্র দুই অঙ্কের ঘরে রান করেন।
লক্ষ্যে নেমে জহির খানের দ্বিতীয় ওভারে বেশ বিপদে পড়েছিল ব্যাঙ্গালুরুর ব্যাটসম্যানরা। দলীয় তৃতীয় ওভারে কোহলি ও যুবরাজ সিংকে রানের খাতা না খুলেই বিদায় করেন তিনি। তবে পার্থিব প্যাটেল ও এবি ডি ভিলিয়ার্সের হার না মানা জুটিতে সহজ জয় পায় তারা। ১৭ রানে তিন উইকেট হারানো দলটি আর কোনো উইকেট না হারিয়ে ১৫ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায়।
প্যাটেল ৪৫ বলে সাত চারে ৫৭ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন। ভিলিয়ার্স তিনটি চার ও একটি ছয়ে ৪৫ রানে খেলছিলেন।
আগের ম্যাচে যুবরাজ ও কোহলি ঝড়ে ২০ বল বাকি থাকতে ৮ উইকেটে দিল্লি ডেয়ারডেভিলসকে হারায় তারা।









