বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের জাতীয় সম্মেলন ও কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বেলা ১১টার দিকে সম্মেলনের উদ্বোধন করবেন তিনি। শ্রমিকদলের নেতাকর্মীরা তার অপেক্ষায় রয়েছেন।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিলকে কেন্দ্র করে সকাল থেকেই সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।
মিলনায়তনের ভেতরে বিএনপি নেতা, আয়োজক সংগঠনটির কাউন্সিলর এবং সাংবাদিকদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। স্থান সংকুলান না হওয়ায় নেতাকর্মীদের বেশিরভাগই বাইরের চত্বরে ও রাস্তায় অবস্থান নিয়েছে।
অবশ্য ভেতরের চিত্র দেখার সুবিধার্থে বাইরে বড় পর্দার ব্যবস্থা রাখা হয়েছে।
শ্রমিকদলের সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংগঠনের সাধারণ সম্পাদক জাফরুল হাসানসহ অন্যান্য সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।
এছাড়াও উপস্থিত থাকবেন বিএনপি ও আয়োজক সংগঠনের গুরুত্বপূর্ণ নেতারা।
এর আগে ১২ এপ্রিল সংগঠনের ঢাকা মহানগর কমিটির সম্মেলন হয়। সেটিও খালেদা উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন। তবে তিনি চলে যাওয়ার পর নেতাকর্মীদের মধ্যে গোলযোগ সৃষ্টি হওয়ায় কাউন্সিল স্থগিত করা হয়।









