ইলিয়াস ও সিদ্দিকের অপহরণ কৌশল একই রকম: বিএনপি

0
220
Print Friendly, PDF & Email

বিএনপি নেতা ইলিয়াস আলীকে যেভাবে অপহরণের পর গুম করা হয়েছে ঠিক একই কৌশলে বেলার নির্বাহী পরিচালক রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে অপহরণ করা হয়েছিল বলে দাবি করেছে বিএনপি।

শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ দাবি করেন।

তিনি বলেন, তাদের দু’জনেরই অপহরণের ধরণ একই রকম। এই দুরভিসন্ধিমূলক পরিকল্পনার অভিমুখ শুধু বিরোধী দল নয়, বরং সাধারণ নাগরিকের দিকেও।

দেশ আজ লেন্দুপ দর্জির কবলে আখ্যায়িত করে রিজভী বলেন,  দেশের প্রকৃত স্বাধীনতা আছে কি না সেটি এখন সবার জিজ্ঞাসা। সবার মুখে আজ একটি মাত্র জিজ্ঞাসা সরকার প্রধান কি প্রধানমন্ত্রী নাকি মুখ্যমন্ত্রী ।

তিনি আরো বলেন, ইলিয়াস আলীকে গুম করা ছিল বিরোধী দলকে নিবৃত্ত করার জন্য একটি হুঁশিয়ারি ম্যাসেজ।

রুহুল কবীর বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চোখের মণির মতো রক্ষা করতে হবে। আমরা আরো ত্যাগ স্বীকার করবো। হত্যা, গুম, ঘাতক ও চক্রান্তকারীদের পথে ঘাটে অদম্য শক্তি দিয়ে প্রতিহত করা হবে। জনগণের বিরুদ্ধে যে আক্রমণ চলছে তা আমরা রক্ত ঝড়িয়ে প্রতিহত করবো।

বাংলাদেশের মাটিতে স্বৈরতন্ত্রের এই বীভৎস আত্মপ্রকাশ চিরতরে কবর রচনা করতে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন রিজভী।

২২ এপ্রিল তিস্তা অভিমুখে লংমার্চ প্রসঙ্গে রুহুল কবীর রিজভী বলেন, সরকার যদি লংমার্চে বাধা দেয় তাহলে জনগণকে সাথে নিয়ে এর সঠিক জবাব দেয়া হবে।

শেয়ার করুন