তারেকের মতো পড়াশোনা আপনাদের দরকার: হাছান মাহমুদ

0
225
Print Friendly, PDF & Email

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে বলেছেন, ‘তাঁর কথা শুনে মনে হয়, ঢাকার স্কুলে পড়াশোনা করে গ্রামে গিয়ে নকল করে পরীক্ষা দেওয়ার মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দুবার ফেল করা, বেরিয়ে আসার সময় একটু মাদকাসক্ত হওয়া আর কী! মির্জা ফখরুল সাহেব তারেকের মতো পড়াশোনা আপনাদের দরকার হতে পারে, আমাদের নয়।’
আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় হাছান মাহমুদ এ কথা বলেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে আওয়ামী লীগের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘তারেকের মতো পড়াশোনা করে কথা বলুন।’  তাঁর এমন মন্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ এ কথা বলেছেন।
আওয়ামী লীগের নেতা হাছান মাহমুদ আরও বলেছেন, ‘যে নেত্রী দিল্লি সফরের সময় তিস্তার পানির কথা তো দূরের কথা, গঙ্গার পানির হিস্যার কথা ভুলে যান, সে নেত্রী এখন তিস্তা অভিমুখে লংমার্চ করবেন। কিন্তু লংমার্চে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নৈরাজ্যকারীদের কঠোর হস্তে দমন করা হবে।’
কর্নেল অলিকে দেওয়া সাবেক সেক্টর কমান্ডার মীর শওকতের একটি প্রশংসাপত্রের (এসিআর) উদ্ধৃতি দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেননি। কর্নেল অলি জিয়াকে অবহিত করেছিলেন ২৫ মার্চ রাতে। অর্থাত্ ২৬ মার্চ  স্বাধীনতার ঘোষণা করেছেন বঙ্গবন্ধু। সেটা এই এসিআরে লেখা আছে।’ পরে এসিআরের কপি সাংবাদিকদের তিনি দেখান।

বঙ্গবন্ধু একাডেমির আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন স্বতন্ত্র সাংসদ ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মো. সেলিম, আওয়ামী লীগের নেতা ফয়েজ উদ্দিন মিয়া প্রমুখ। সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সহসম্পাদক জাকির আহম্মেদ।

শেয়ার করুন