রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, জেনেভা বৈঠকে অংশগ্রহণকারীরা ইউক্রেন সংকট নিরসনের লক্ষ্যে একটি সমঝোতায় উপনীত হয়েছে। ইউক্রেন সংকট নিয়ে রাশিয়া, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের কূটনীতিকদের মধ্যে চতুর্পক্ষীয় বৈঠকের পর এ খবর দেন ল্যাভরভ। তিনি বলেন, জেনেভা স্টেটমেন্ট অব এপ্রিল ১৭ নামে আমরা একটি দলিল অনুমোদন করেছি যেখানে তাৎক্ষণিকভাবে উত্তেজনা কমানোর পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনে একটি জাতীয় সংলাপ আয়োজন করতে সব পক্ষ সম্মত হয়েছে। ওই সংলাপে দেশটির সব নাগরিকের অধিকারকে সম্মান জানানো হবে। এ সমঝোতায় রুশ পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্দ্রি দেশচিত্সিয়া ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ক্যাথেরিন অ্যাসটেন সই করেছেন। ল্যাভরভ জানান, চুক্তি অনুযায়ী সব অবৈধ অস্ত্রধারীকে নিরস্ত্র হতে হবে এবং দখল হয়ে যাওয়া সব ভবন বৈধ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে। ইউক্রেনের দখল হয়ে যাওয়া সব শহরের সড়ক, স্কয়ার ও অন্যান্য জায়গাকে মুক্ত করে দিতে হবে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি ছাড়া অন্য সব বিক্ষোভকারীর প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী একইসঙ্গে ইউক্রেনে তার দেশের নাগরিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞার নিন্দা জানান। একইসঙ্গে তিনি বলেন, প্রতিবেশী দেশ ইউক্রেনে সেনা পাঠানোর কোনো ইচ্ছা তার দেশের নেই কারণ এ বিষয়টি রাশিয়ার মৌলিক স্বার্থের পরিপন্থী।
তিনি বলেন, “বন্ধু রাষ্ট্র ইউক্রেনে সৈন্য পাঠানোর কোনো ইচ্ছা আমাদের নেই। সেখানে আমাদের বন্ধুরা বসবাস করে এবং এটি রুশ ফেডারেশনের মৌলিক স্বার্থ বিরোধী।”










