নাটোর সদর উপজেলার তেলকুপি গ্রামে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শিহাব উদ্দিন (১২) নামের ওই বাড়ির এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেলকুপি গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
নাটোর ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, গতকাল রাতে শহিদুল ইসলামের বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ নেয়। এতে ওই বাড়ির অন্যান্য ঘরগুলো রক্ষা করা গেলেও পুড়ে যাওয়া ঘরে ঘুমিয়ে থাকা শিশু শিহাবের মৃত্যু হয়।
আজ শুক্রবার সকালে নিহত শিহাব উদ্দিনের বাবা শহিদুল ইসলাম বলেন, ‘হঠাত্ আগুন লাগায় আমরা দ্রুত ঘর থেকে বের হয়ে আসি। কিন্তু শিহাবকে বের করে আনতে পারিনি। কীভাবে আগুন লাগল, তা বলতে পারছি না।’
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুর রউফ বলেন, আগুন লাগার সঠিক কোনো কারণ জানা সম্ভব হয়নি। রাতে এ ঘটনা ঘটায় আমরা ওই বাড়ির সদস্যদের অবস্থান বুঝে উঠতে পারেনি। তাই তাত্ক্ষণিক চেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও শিশুটিকে বাঁচানো যায়নি






