গোবিন্দগঞ্জে আওয়ামীলীগ ও বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৬

0
210
Print Friendly, PDF & Email

গাইবান্ধার গোবিন্দগঞ্জে  নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপি-জামায়াতের সংঘর্ষের ঘটনায় ২ দিনে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে মঙ্গলবার ৪ জন ও বুধবার ২ জনকে গ্রেফতার করা হয়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বলেছেন, গ্রেফতার অভিযান অব্যাহত রাখা হয়েছে।  প্রসঙ্গত, নবনির্বাচিত বিএনপি সমর্থিত গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমেদের দায়িত্বগ্রহণ উপলক্ষে উপজেলা পরিষদের প্রথম সভা চলাকালে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষে পুলিশসহ উভয়দলের অন্তত ২০ আহত হন। আহতদের মধ্যে ০৩ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৬৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। সরকারি কাজে বাঁধা, ককটেল বিস্ফোরণ ও পুলিশের উপর হামলার অভিযোগে স্থানীয় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৯৯ জনের নাম উল্লেখ করে ও ১৫০/২০০ জনকে অজ্ঞাত দেখিয়ে এ মামলা দায়ের করা হয়। গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

শেয়ার করুন