বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিকের অপহরণের বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা সিরিয়াসলি বিষয়টি দেখছি। আবু বকর সিদ্দিককে উদ্ধারে সর্বশক্তি নিয়োগ করা হয়েছে। র্যাব, পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাকে উদ্ধারে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এবি সিদ্দিককে উদ্ধারের জন্য তাৎক্ষণিক যা যা করা প্রয়োজন তা করা হয়েছে। পুলিশের আইজিপিকে বলা হয়েছে, সমন্বয় করে উদ্ধার অভিযান চালানোর জন্য। এ ঘটনায় প্রধানমন্ত্রী নিজেও খোঁজখবর রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, যে গাড়িতে তাকে অপহরণ করা হয়েছে সেটির সন্ধান পাওয়া গেছে। কিছুক্ষণের মধ্যে সেটি উদ্ধার করতে পারবো। আমরা আশা করি আবু বকর সিদ্দিককে আনহার্ট উদ্ধার করতে পারবো। প্রতিমন্ত্রী আরও বলেন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। দেশের মানুষ শান্তিতে থাকবে এটাই আমরা আশা করি। এ ঘটনার যতগুলো ক্লু পাওয়া যাচ্ছে সবগুলোই গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন-শৃঙ্খলার অবনতি হয়নি। মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।
‘রিজওয়ানা অভিযোগ করেছেন পরিবেশ নিয়ে আন্দোলন করার কারণেই তার স্বামীকে অপহরণ করা হয়েছে’ সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, তার সব তথ্য এবং গোয়েন্দা বিভাগের সব তথ্য আমলে নিয়েই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে। আমরা ব্যাপারটি সিরিয়াসলি নিয়েছি।
উল্লেখ্য, বুধবার বেলা আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ভুঁইয়া ফিলিং স্টেশনের সামনে থেকে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকরকে অপহরণ করে। –







