বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক রিজওয়ানা হাসানের স্বামী ব্যবসায়ী আবু বকর সিদ্দিককে অপহরণে ব্যবহৃত গাড়িটি চিহ্নিত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। পরিকল্পিতভাবেই তাকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে আবু বকরের সন্ধান বিষয়ে পুলিশ কিছুই নিশ্চিত করতে পারেনি।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় অপহরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্যসচিব অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শহীদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, আবু বকরকে নীল রঙের মাইক্রোবাসে করে তুলে নেয়া হয়েছে, যেটি নারায়ণগঞ্জ থেকে ঢাকার পথে গিয়েছে। বুধবার রাতে যাত্রাবাড়ি মেয়র মোহাম্মদ হানিফ ফাইওভারের টোল প্লাজার কোজ সার্কিট ক্যামেরায় ধারণ করা ছবি দেখে গাড়িটি চিহ্নিত করা হয়েছে। ঘটনার দুই প্রত্যক্ষদর্শীর তথ্য থেকে ধারণা করা হচ্ছে এ গাড়িতেই নেয়া হয়েছে অপহৃত আবু বকর সিদ্দিককে।
বুধবার বেলা আড়াইটার দিকে ফতুল্লার ভুইয়া ফিলিং স্টেশনের কাছে ফিল্মি স্টাইলে আবু বকর সিদ্দিককে অপহরণ করা হয়। দুর্বৃত্তরা প্রথমে তাদের গাড়ি দিয়ে আবু বকরকে বহন করা গাড়িতে ধাক্কা দেয়। পরে তিনি গাড়ির ক্ষতি দেখতে বের হলে অপহরণকারীরা গাড়ির চালক রিপনের মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে তাকে নিয়ে যায়।







