আওয়ামী লীগ প্রার্থী অনুপম শাহজাহান জয় বিজয়ী

0
231
Print Friendly, PDF & Email

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) উপনির্বাচনে প্রয়াত এমপি কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের ছেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম শাহজাহান জয় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৭৩ হাজার ৯০৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক মিঞা হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৩ হাজার ৫৬ ভোট। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গতকাল স্থগিত হওয়া সখীপুর উপজেলার ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। ভোটগ্রহণ শেষে সহকারি রিটার্নিং অফিসার ও নির্বাচন কর্মকর্তা ইদি আমিন ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। স্থগিত কেন্দ্রের ফলাফলসহ ১১৭ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী অনুপম শাহজাহান জয় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ওই কেন্দ্রে ২ হাজার ৭০১ ভোটের মধ্যে ২ হাজার ৮৯ জন ভোটার ভোট দেন। এর মধ্যে আওয়ামী লীগ প্রার্থী অনুপম শাহজাহান জয় নৌকা প্রতীকে ৩৪২ ভোট ও আওয়ামীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক মিঞা হরিণ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭২৭ ভোট। ওই কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। ভোট চলাকালীন টাঙ্গাইলের জেলা প্রশাসক আনিছুর রহমান মিয়া ও পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর উপস্থিত ছিলেন। সকাল থেকেই ভোটকেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী অনুপম শাহজাহান জয় ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক মিঞা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৯শে মার্চ এ আসনের উপনির্বাচনে ১১৭ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গোলযোগের কারণে সখীপুর উপজেলার ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি স্থগিত ঘোষণা করা হয়।

শেয়ার করুন