লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ বাজার এলাকা থেকে চরমটুয়া মাদরাসার আলিম প্রথম বর্ষের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আব্দুর রশিদ। তিনি উপজেলার শহর কসবা গ্রামের আবুল কাশেমের ছেলে। আজ মঙ্গলবার ভোর রাতে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আবদুর রশিদ দীর্ঘদিন ধরে চৌধুরী বাড়ি জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত ১২টার দিকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের কসবা গ্রামের চৌধুরী বাড়ি জামে মসজিদের পাশে ফোরকানিয়া মাদরাসায় ঝুলন্ত অবস্থায় আবদুর রশিদের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
তবে তার মৃত্যুর ঘটনাটি রহস্যজনক ও একে হত্যাকাণ্ড বলেও ধারণা করছেন স্থানীয়রা।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ যানা যায়নি। তদন্ত চলছে।






