চাঁপাইনবাবগঞ্জে বিজিবি ও র্যাব পৃথক দুটি অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তুল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার এবং গাঁজাসহ একজনকে আটক করেছে।
৯ বিজিবি’র উপ-পরিচালক ক্যাপ্টেন মোঃ মোসলেহ উদ্দিন জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ব্যাটায়িন অধিনায়কের নির্দেশানুযায়ী ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল কিরণগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় ১৭৮/১ এস পিলারের প্রায় ৫০গজ অভ্যন্তরে কিরণগঞ্জ মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি বিদেশী পিস্তুল, ৯রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
অন্যদিকে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার জানান, বুধবার সন্ধ্যার কিছু আগে র্যাব সদস্যরা সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট এলাকায় অভিযান চালায়। এসময় একটি ফলের দোকান থেকে আড়াইশ গ্রাম গাঁজাসহ দোকান মালিক মোঃ ঝেন্টু মিয়াকে (৩৯) আটক করা হয়। আটককৃত ঝেন্টু মিয়া হচ্ছে একই ইউনিয়নের বেহারাপাড়া গ্রামের ভুলু মন্ডলের ছেলে।
কোম্পানী কমান্ডার আরও জানান, আটককৃত ঝেন্টু রামচন্দ্রপুর হাটে একটি ছোট ফলের আড়তে ফল ব্যবসার আড়ালে তার ২য় স্ত্রীর সহায়তায় দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা করে আসছিল। এব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।






