ফেনীতে হেফাজতের এসলাহী সম্মেলন হঠাৎ স্থগিত

0
181
Print Friendly, PDF & Email

ফেনীতে হেফাজতে ইসলামের আজ মঙ্গলবার অনুষ্ঠেয় এসলাহী মহাসম্মেলন হঠাৎ স্থগিত করা হয়েছে। শহরের মিজান ময়দানের এ সম্মেলনে সংগঠনের আমীর আলামা শাহ আহমদ শফি প্রধান অতিথি ও মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। সোমবার রাত ১১টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে সম্মেলনের কার্যক্রম স্থগিত করা হয় বলে দলীয় সূত্র জানায়। ব্যাপক প্রচার-প্রচারণার পর হঠাৎ সম্মেলন স্থগিত করায় হেফাজত নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মুফতি রহিম উল্যাহ কাসেমী জানান, শহরের মিজান ময়দানে এসলাহী সম্মেলনের জন্য অনুমতি চেয়ে পুলিশ প্রশাসনের কাছে আবেদন দেয়া হয়েছিল। সোমবার সকালে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর সাথে জেলার আলেম-ওলামারা স্বাক্ষাত করলে তিনি মঙ্গলবার সম্মেলনের অনুমতি দেয়ার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে মৌখিকভাবে অনুরোধ করেন। এরপর থেকে দিনভর ব্যাপক মাইকিং ও প্যান্ডেলের কাজ করা হয়। প্যান্ডেল তৈরির শেষ পর্যায়ে রাত ১১টার দিকে প্রশাসনের পক্ষ থেকে সম্মেলন স্থগিতের কথা জানানো হয়। হেফাজত নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ৭ এপ্রিল একইস্থানে সম্মেলন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে মৌখিক অনুমতি দেয়া হয়েছে বলে মুফতি রহিম উল্যাহ কাসেমী জানান। এ ব্যাপারে মঙ্গলবার লিখিত আবেদন জমা দেয়া হয়েছে।

শেয়ার করুন