খালেদা জিয়ার পক্ষ থেকে জিয়াউর রহমানকে প্রথম প্রেসিডেন্ট দাবি করা প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম জিয়া ডাহা মিথ্যাচার করছেন। উনাকে মিথ্যাচারের এই পাগলামি বন্ধ করতে হবে। ইতিহাসকে নির্বাসনে পাঠিয়ে বা হত্যা করে কেউ রাজনীতিতে টিকে থাকতে পারেনি। মিথ্যাচারের রাজনীতির এই চক্রান্ত থেকে বেরিয়ে এসে উনি গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসবেন বলে আমি আশা করি।
গতকাল শুক্রবার কুষ্টিয়ায় সার্কিট হাউজে দলীয় নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান সম্পর্কে ইনু বলেন, যুদ্ধের সময় বাংলাদেশ সরকারের অধীনে মেজরের চাকরিতে বহাল থেকে উনি যুদ্ধ করেছেন। পরবর্তীতে উনি প্রমোশন নিয়ে পর্যায়ক্রমে সেনাপ্রধানও হয়েছেন এবং বঙ্গবন্ধু হত্যার পর ৭৫’এ নিজে নিজেই প্রধান সামরিক প্রশাসক হয়েছেন।







