সিলেট নগরীতে স্বাধীনতা দিবস উপলক্ষে শিবিরের বের করা শোভাযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এনিয়ে পুলিশ-শিবির সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ পুলিশ সদস্যও রয়েছেন। আজ সকালে নগরীর শেখঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে লামাবাজারস্থ মদন মোহন কলেজের সামনে থেকে শিবিরের দুই শতাধিক নেতাকর্মী স্বাধীনতা দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শেখঘাট এলাকায় যাওয়ার পর পুলিশ বাধা দেয়। এসময় শিবির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বাঁধে। শিবির নেতাকর্মীদের ইটপাটকেলের জবাবে পুলিশ ৩২ রাউন্ড রাবার বুলেট ও শর্টগানের গুলি ছুড়ে। পরে শিবির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুই শিবির কর্মীকে আটক করে পুলিশ। কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, শিবিরের শোভাযাত্রায় বাধা দেয়ায় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩২ রাউন্ড রাবার বুলেট ও শর্টগানের গুলি ছুড়ে। শিবিরের ছোড়া ইটপাটকেলে পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন। তাদেরকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।








