খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘অপরাধ করলে আপনি (খালেদা) বিচারের মুখোমুখি হবেনই। বিচার পেছানোর জন্য বার বার সময় নেবেন, এটা হতে পারে না। অপরাধ করলে বাংলার মাটিতে বিচার হয়, হবেই।’
আজ শনিবার বিকেলে আজিমপুর সরকারি বালিকা স্কুল অ্যান্ড কলেজ মাঠে লালবাগ ও চকবাজার থানার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন প্রসঙ্গে কামরুল ইসলাম এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন যাবত্ বাংলাদেশে বিচার না হওয়ার সংস্কৃতি ছিল। আমরা ক্ষমতায় আসার পর প্রত্যেকটি অপরাধের বিচার করছি। এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্যই আমরা বিচার করছি।’ বিচারকে কেন্দ্র করে যারা দেশে নৈরাজ্য করতে চেষ্টা করছেন তাদের প্রতিহত করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।








