৮ মার্চ স্থানীয় সময় ভোর সোয়া ছয়টার দিকে একটি বিমান খুব নিচু দিয়ে উড়ে যেতে দেখা গেছে। আর সেটা সম্ভবত নিখোঁজ মালয়েশীয় বিমান। এমন দাবি করেছেন মালদ্বীপের অন্তর্গত দূরবর্তী কুদা হুবাধু দ্বীপের কিছু লোক।
মালদ্বীপের সংবাদভিত্তিক ওয়েবসাইট হাভিরু অনলাইনে গতকাল মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে আজ বুধবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।
ওই ওয়েবসাইটের খবরে বলা হয়, মালদ্বীপের দূরবর্তী কুদা হুবাধু দ্বীপের কিছু লোক দাবি করেছেন, ৮ মার্চ স্থানীয় সময় ভোর ছয়টা ১৫ মিনেটে ভূ-পৃষ্ঠের কাছাকাছি থেকে বড় আকারের একটি উড়োজাহাজ উড়ে যেতে দেখেছেন তাঁরা। উড়োজাহাজটির রং ছিল সাদা। আর গায়ে লাল ডোরা, যা দেখতে মালয়েশিয়ান এয়ারলাইনসের বিমানের মতো।
ঘটনার বিষয়ে একজন প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়েছে ওয়েবসাইটটি। ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘এর আগে আমি কখনো আমাদের দ্বীপের ওপর দিয়ে এত নিচু হয়ে কোনো বিমান উড়ে যেতে দেখিনি। আমরা অনেক সিপ্লেন দেখেছি। কিন্তু আমি নিশ্চিত যে, এটা সিপ্লেন ছিল না। আমি বিমানটির দরজা পর্যন্ত স্পষ্টভাবে দেখেছি।’









