আমি পৃথিবীর কোনো দেশেই নির্দলীয়ভাবে নির্বাচন দেখিনি

0
268
Print Friendly, PDF & Email

আমি পৃথিবীর কোনো দেশেই নির্দলীয়ভাবে নির্বাচন দেখিনি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবেই হওয়া উচিত বলে আবারো মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

আইসিটি সেক্টর নিয়ে নরওয়েসহ চারটি দেশ সফরের যাওয়ার প্রাক্কালে আজ  সকাল পৌনে সাতটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। জয় বলেন, “আমি পৃথিবীর কোনো দেশেই নির্দলীয়ভাবে নির্বাচন হতে দেখিনি। কেবলমাত্র বাংলাদেশেই হয়। যথাশিগগিরই দলীয়ভাবেই নির্বাচন করার ব্যবস্থা রাখা উচিত বলে মনে করি।”

প্রসঙ্গত, এর আগে সোমবার রংপুরের পীরগঞ্জের ফতেপুরে পৈত্রিক বাড়ি জয়সদনে এক কর্মী সম্মেলনে তিনি জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকারের নির্বাচনও দলীয়ভাবে হওয়ার পক্ষে মত দেন। তিনি এও বলেন, “নির্দলীয় নির্বাচনের সুযোগে আদালতের রায়ে নিষিদ্ধ জামায়াতও নির্বাচন করা সুযোগ পাচ্ছে, এটা লজ্জার।“

এর আগে গত ৩ মার্চ স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। তবে কবে নাগাদ এ সংক্রান্ত বিল সংসদে তোলা হবে বা কবে এসব আইন সংশোধন করা হবে- সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি সৈয়দ আশরাফ।  

আইসিটি সেক্টরে গত পাঁচ বছরে ১০ গুণ রপ্তানি বেড়েছে দাবি করে জয় জানান, “আমাদের লক্ষ্য ছিল গত পাঁচ বছরে দেশের প্রধান রপ্তানিখাত হবে আইসিটি সেক্টর। পাঁচ বছর আগেও এদেশের আইসিটি রফতানির পরিমাণ ছিল মাত্র ২৫ মিলিয়ন ডলার যা বর্তমানে দাঁড়িয়েছে ২০০ মিলিয়ন ডলারে। আমরা চাই আগামী পাঁচ বছরে এটি আরও সামনের দিকে এগিয়ে যাবে।“

জয় বলেন, দেশে তরুণদের জোয়ার চলছে। এই তরুণরা দেশকে এগিয়ে নিয়ে যাবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তা তরুণদের মাধ্যমেই সফল করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও বেসিস-এর সভাপতি শামীম আহসান।

শেয়ার করুন